পাইকগাছা-তালায় সাইকেল র্যালি, নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি
আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে
উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন।
শুক্রবার ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের অংশ হিসেবে পাইকগাছা থেকে সাতক্ষীরার তালা পর্যন্ত সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাহমুদকাটীর অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। উপকূলের সম্ভাবনা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ, সুস্পষ্ট পথনকশা ও দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। পাশাপাশি মানসম্মত সোলার প্যানেল ও ব্যাটারি নিশ্চিত করার আহ্বান জানান তারা।