পাইকগাছায় লবণাক্ততা রোধে টেকসই সমাধান নিয়ে গোলটেবিল
আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে
খুলনার পাইকগাছায় বসতি ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সৃজন প্রজেক্টের আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, কৃষিজমি ও বসতি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়।
বক্তারা জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বাড়ানো, স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থা, সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও সৃজন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।