বটিয়াঘাটায় গোবিন্দ বাড়ৈ হত্যা: এজাহার ঘিরে নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় গোবিন্দ বাড়ৈ হত্যার ঘটনায় অবশেষে তার স্ত্রী পলি মল্লিক বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর হত্যা মামলা করেছেন। বটিয়াঘাটা থানায় দায়ের করা মামলাটির নম্বর ০৬/২৬।
মামলার এজাহারে আসামিদের নাম অজ্ঞাত উল্লেখ করায় প্রকৃত ঘটনা ও হত্যার পেছনের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এজাহারে নিহতের মেয়ে পূর্বা বাড়ৈর বাবার কাছ থেকে চলে যাওয়া এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসার বিষয়টিও উল্লেখ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা চলছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা ও চোয়ালে আঘাতের চিহ্ন এবং মুখে ফেনা থাকার কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নিহতের ঘনিষ্ঠজনরা মামলা করতে আগ্রহী না হওয়ায় পুলিশের উদ্যোগে তার স্ত্রীকে দিয়ে মামলা করা হয়েছে। হত্যার পেছনে সম্পত্তি সংক্রান্ত বিরোধসহ অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।