নিজস্ব প্রতিবেদক :
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হোমওয়ার্ক না করায় শিক্ষিকার চড়ের পর শ্রেণিকক্ষেই ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম প্রণয় তেজা। সে স্থানীয় লিটল গার্ডেন স্কুলের ইউকেজির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হোমওয়ার্ক না করায় ওই শিক্ষিকা শিশুটিকে চড় মারেন বলে অভিযোগ। এরপর শিশুটি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। পরে তাকে কিং জর্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিশুটির পরিবার।