
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় শ্রেণিকক্ষে ছিঁড়ে পড়া ফ্যানের আঘাতে আফিয়া ইভনাত আলভী নামে প্রথম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কপিলমুনির ৪৭ নম্বর হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত আলভী প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে বসে থাকার সময় হঠাৎ ফ্যানটি ছিঁড়ে টেবিলের ওপর পড়ে। পরে ফ্যানের হাতল ছিটকে গিয়ে আলভীর নাকে আঘাত লাগে। তাকে কপিলমুনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
প্রধান শিক্ষক পিনাকী সাধু জানান, নতুন ভবনে ফ্যানটি লাগানো হয়েছিল। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় প্রতিষ্ঠান থেকে বহন করা হচ্ছে। বর্তমানে সে মোটামুটি সুস্থ রয়েছে।