সুন্দরবনে অবৈধ মাছ শিকারের অভিযোগে ৪ জন আটক
এইচ এম সাগর (হিরামন) :
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকার ও বনজদ্রব্য আহরণের অভিযোগে চারজনকে আটক করেছে বনবিভাগ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ির আওতাধীন লেবু বুনিয়ার টেক ও মালঞ্চ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,শ্যামনগরের গাবুরা গ্রামের মোস্তফা গাজী,মাহফুজুর রহমান,আল আমিন গাজী ও পিয়ারুজ্জামান ঘরামী।
এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা,বিভিন্ন ধরনের মাছ ধরার জাল,৩০ কেজি চিংড়ি,১৩৭ কেজি সাদা মাছ,পাঁচটি পানির ড্রাম,একটি হাইল,দুটি বৈঠা,তিনটি দা ও একটি কাটা ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও এ.জেড.এম.হাসানুর রহমান জানান,নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ও বনজদ্রব্য আহরণের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।