মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর পহরডাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কালিয়া-চাপাইল সড়ক হয়ে গোপালগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন।
সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। পিচ উঠে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে মোটরসাইকেল, ইজিবাইক,ভ্যানসহ ছোট যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সড়কের দুরবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী, কৃষক, পথচারী ও ব্যবসায়ীরা। পণ্যবাহী যানবাহন চলাচলে সময় ও পরিবহন ব্যয় বাড়ায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, রাতে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। আলো-আঁধারিতে অনেক সময় গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্ত ভরাট নয়,দ্রুত সড়কটির টেকসই সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।