মো: শামীম, বটিয়াঘাটা খুলনা :
খুলনার বটিয়াঘাটায় হাজী মনোয়ারা জাহাঙ্গীর মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও খতম অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যানার ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মাদ্রাসার সভাপতি ও সাবেক আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রীর এপিএস আবু হেনা মুক্তির উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান করা হয়। এতে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলভী খানও উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
মাদ্রাসার মেজ হুজুর হাফেজ হেদায়েতুল্লাহ বলেন,খতম পড়ার কথা বলে মাদ্রাসার ছাত্রদের ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ব্যানার টানিয়ে দোয়া অনুষ্ঠান করা হয়। এ বিষয়ে মাদ্রাসার বড় হুজুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে আবু হেনা মুক্তি ও আলভী খানের কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।