পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা পৌরসভার অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের জলাবদ্ধতায় পৌর মাংস বাজারে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাজারের ভেতরে সবসময় পানি জমে থাকায় স্যাতসেঁতে ও পিচ্ছিল পরিবেশে মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারাও।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ, পৌরসভার নোংরা পানি বাজারে ঢুকে প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি করে। ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। এতে ব্যবসার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, বাজারের প্রায় ৫০ ফুট রাস্তা ঢালাই করলে পানি জমার সমস্যা অনেকটাই দূর হবে। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাংস বাজার কমিটির সদস্যরাও দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার বলেন, পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে এবং আগামী টেন্ডারে কাজটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। তবে বক্তব্য জানতে পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত জলাবদ্ধতা দূর করে বাজারের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হোক, যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রি ও ক্রয় করা সম্ভব হয়।