আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে:
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
গড়ইখালী-সুড়িখালী প্রধান সড়কের গার্লস স্কুল মোড় থেকে মুনির বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কটি আমিরপুর, হোগলারচক, বাইনবাড়িয়া, কুমখালী ও ভাগবা গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের পথ। স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে ইটের সলিং করা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন কাদামাটির রাস্তায় পরিণত হয়েছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি কার্পেটিংসহ সংস্কারের দাবি জানিয়েছেন। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, পর্যায়ক্রমে সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, প্রকল্প অনুমোদন না পাওয়ায় কাজ হয়নি, তবে যেকোনোভাবে সড়কটি সংস্কারের চেষ্টা করা হবে।